
বান্দরবানের রোয়াংছড়িতে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠানের মধ্যে দিয়ে মাসব্যাপী বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে। দেখা যায়, মঙ্গলবার (৪ নভেম্বর২৫ ) সকাল ৮টা থেকে প্রথম পর্বে শুরু হয়ে সারাদিন ব্যাপী খায়াম্রং পাড়া ও রোয়াংছড়ি কেন্দ্রীয় সার্বজনীন জেতবন বৌদ্ধ বিহারে পৃথক পৃথকভাবে নিজ নিজ বৌদ্ধ বিহারের প্রাঙ্গনে নানান ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কঠিন চীবরদানোৎসব উদযাপিত হয়। নানাবিদ দানীয় বস্তু অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুরা সারি বদ্ধভাবে পিন্ডাচরণ করেন। এসময় বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মপ্রাণ বিভিন্ন শ্রেণি পেশার দায়ক দায়িকাদের পিন্ডদান সহ বিভিন্ন ফলমূল দানীয় বস্তুগুলো সকল বৌদ্ধ ভিক্ষুগণকে দান করেন।
দ্বিতীয় পর্বে দুপুর ২টায় দায়ক দায়িকাদের গৃহশীল হিসেবে পঞ্চশীল গ্রহণের মাধ্যমে দানোত্তম শুভ কঠিন চীবর দান ও ধর্মীয় আলোচনা সভা কার্যক্রম আরম্ভ করা হয়। এতে রোয়াংছড়ি কেন্দ্রীয় সার্বজনীন জেতবন বিহারে অধ্যক্ষ ও পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি উ: পঞঞানাইন্দা মহাথেরো মহোদয় সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গামুড়া বিহারের অধ্যক্ষ ও বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ভদন্ত উ. সোমা মহাথের। অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং মারমা, বান্দরবান পার্বত্য রোয়াংছড়ি মৌজা হেডম্যান চসিংপ্রু মারমাসহ আরো অনেকে। এছাড়া হাজারো ধর্ম প্রাণ নর-নারীসহ শিশুর কিশোর ও কিশোরী এবং যুব ও যবতীরা অংশগ্রহণ করেন। ধর্মসভার শেষে সন্ধ্যায় বিশ্ব শান্তি কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও সমাবেত প্রার্থনা, ফানুস উত্তোলন, ধর্মীয় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রোয়াংছড়ি কেন্দ্রীয় সার্বজনীন জেতবন বিহারের এই দিনব্যাপী দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবের সমাপ্তি ঘটে।