
বান্দরবান সদর উপজেলাধীন ৪নং সুয়ালক ইউনিয়নের সুয়ালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইয়ং স্টার ফুটবল একাডেমীর আয়োজনে জমজমাট ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো 'গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬'-এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ২৬ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে অনুষ্ঠিত টানটান উত্তেজনার ফাইনালে তাকরিম ফুটবল একাদশকে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ধর্মপুর ফুটবল একাদশ।

ফাইনাল খেলার শুরুতে আমন্ত্রিত অতিথিরা ফিতা কেটে গ্র্যান্ড ফাইনালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর অতিথিদের ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বর্ণাঢ্য আয়োজনের অংশ হিসেবে জাতীয় সংগীত পরিবেশন ও ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে মাঠে গড়ায় মহারণ।

খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণ ও প্রতিআক্রমণে মাঠে গতি ধরে রাখে। নির্ধারিত সময়ে উভয় দল গোলের দেখা পেতে মরিয়া হলেও জমাট রক্ষণভাগের কারণে কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচটি গোলশূন্যভাবে ড্র হলে খেলা গড়ায় রোমাঞ্চকর পেনাল্টি শুট আউটে। সেখানে তাকরিম ফুটবল একাদশকে পেছনে ফেলে জয় নিশ্চিত করে ধর্মপুর ফুটবল একাদশ।

খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা ক্রীড়া আহ্বায়ক চ নু মং মার্মা। তিনি যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য ছরোয়ার জামাল এবং মা ও শিশু জেনারেল হাসপাতালের পরিচালক শহিদুল ইসলাম বাবর। এছাড়া বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (DFA) সদস্য মোহাম্মদ ফিরোজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটির সভাপতি বিপ্লব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে টুর্নামেন্টের সার্বিক সফলতার চিত্র তুলে ধরে বক্তব্য দেওয়া হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি এবং টুর্ণামেন্ট সেরা পারফরমারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শত শত দর্শকের উপস্থিতিতে এই ফাইনাল খেলাটি বান্দরবান সুয়ালক এর ক্রীড়াপ্রেমীদের মাঝে এক আনন্দঘন উৎসবের আমেজ তৈরি করে।

উল্লেখ্য: গত পহেলা আগস্ট ১৬ দল নিয়ে টুর্ণামেন্ট এর যাত্রা শুরু হয়। যেখানে নক আউট ও কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল শেষে আজ ২৬ই সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে এই জমজমাট আসরের সমাপ্তি ঘটে। পুরো টুর্ণামেন্টে যৌথভাবে খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন সাতকানিয়া ও বান্দরবান রেফারি এসোসিয়েশনের রেফারি বৃন্দ।