
মোহাম্মদ আলমগীর
লামা বান্দর বান প্রতিনিধি
বান্দরবান জেলার ৩০০ নম্বর সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ক্রমেই তুঙ্গে উঠেছে। ঘরে ঘরে, উঠানে উঠানে এখন চলছে উঠান বৈঠকের মিলনমেলা। বিশেষ করে লামা উপজেলার ফাইতং ইউনিয়নে সপ্তাহব্যাপী ধারাবাহিক উঠান বৈঠকের মধ্য দিয়ে গণসংযোগে এক অনন্য উৎসবের আবহ সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ফাইতং ইউনিয়নের প্রায় প্রতিটি বাড়ির উঠানেই এখন ধানের শীষের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। উঠান বৈঠকের এই ধারাবাহিক আয়োজন ফাইতং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক তৎপরতায় নতুন মাত্রা যোগ করেছে।
রোববার লামা উপজেলার ফাইতং ইউনিয়নের নাজেম উদ্দীনের বাড়ির উঠানে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে বক্তব্য প্রদান করেন ফাইতং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় আরও বক্তব্য রাখেন লামা উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আলী হায়দার মানিক, বিএনপি নেতা হোসাইন আহাম্মেদ ভুট্টো এবং ফাইতং ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি নুরুল আমিন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ধানের শীষ এ দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার পুনরুদ্ধারের প্রতীক। তাঁরা ফাইতং ইউনিয়নবাসীসহ বান্দরবান ৩০০ আসনের সর্বস্তরের ভোটারদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
উঠান বৈঠকে অংশগ্রহণকারী ভোটাররা বলেন, বান্দরবান-৩০০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের কাণ্ডারি বোমাং রাজপুত্র সাচিং প্রু জেরীর বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। তাঁদের মতে, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও গণসংযোগের জোয়ারে এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত।
ফাইতং ইউনিয়নের উঠান বৈঠকগুলো এখন কেবল রাজনৈতিক সভা নয়, বরং সাধারণ মানুষের অংশগ্রহণে তা এক গণতান্ত্রিক উৎসবে রূপ নিয়েছে, যেখানে ভোটাররা নিজেদের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশার কথা সরাসরি তুলে ধরার সুযোগ পাচ্ছেন।