
সম্প্রতি বান্দরবান জেলার পৌর এলাকার বালাঘাটা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ হতে সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল ৮ জুন সোমবার বিকেলে বান্দরবানের বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি পরিবারকে ৭,৫০০ টাকার চেক এবং ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।
এসময় বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি'র পক্ষ থেকে একইভাবে প্রতি পরিবারকে ৭ হাজার ৫ শত টাকার চেক এবং ৩০ কেজি করে চাল প্রদান করা হয়। এছাড়াও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ক্ষতিগ্রস্থ ৯ পরিবারকে ৭ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়।
জেলা প্রশাসক ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের সার্বিক অবস্থার খোঁজ খবর নেন।
এ সময় বান্দরবান জেলা প্রশাসক সানিউল ফেরদৌস এর সাথে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতুসহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রা এ সময় উপস্থিত ছিলেন।