
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ উপ্রু মার্মা (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি থানাধীন ৫ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জুমখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার উপ্রু মার্মা ওই এলাকার বুবু মার্মা স্ত্রী এবং অং থোয়াই মার্মার কন্যা।
পুলিশ জানায়, ৫ নভেম্বর রাতে নাইক্ষ্যংছড়ি থানা এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছিল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে জুমখোলা সাকিন এলাকায় অভিযান চালিয়ে উপ্রু মার্মাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
বান্দরবান জেলা পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদক ও অস্ত্র জব্দের ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অস্ত্র আইনে দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এমন অভিযান ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।