
২০ এপ্রিল ২০২৬, বান্দরবান সদরের কালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য বিভাগ, বান্দরবান-এর বাস্তবায়নে ”হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬” উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস। তিনি বলেন, সুস্থতা মহান স্রষ্টার বিশেষ নেয়ামত। শিশুকাল থেকেই স্বাস্থ্যের প্রতি অভিবাবকদের সচেতন থাকতে হবে, যাতে আগামীর প্রজন্ম সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে। অন্যদিকে সুস্থতার সেবাদানকারী প্রতিষ্ঠান গুলোও জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বদ্ধ পরিকর। আমরা মনে করি, আজকের এই টিকাদান কর্মসূচি উদ্বোধনের মাধ্যমে দেশ থেকে হাম ও রুবেলা দুর হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরেন এবং শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সকল অভিভাবকের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এ পুলিশ সুপার বলেন,“একটি সুস্থ জাতি গঠনের পূর্বশর্ত হলো আমাদের শিশুদের সুরক্ষা নিশ্চিত করা। হাম ও রুবেলার মতো প্রতিরোধযোগ্য রোগ থেকে শিশুদের রক্ষা করতে টিকাদান কর্মসূচির কোনো বিকল্প নেই। এই ক্যাম্পেইন শুধু একটি স্বাস্থ্য কার্যক্রম নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখার একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার।
আমি সকল অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই—নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধি করুন এবং নিশ্চিত করুন যেন কোনো শিশুই টিকার বাইরে না থাকে। তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশ সবসময় জনসেবায় নিয়োজিত। এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও আমরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করবো।”
উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।