
বান্দরবান সদর হাসপাতালে হামে আক্রান্ত দুই সন্তানের সেবা করতে করতে নিজে অসুস্থ হয়ে পড়ার পর বাড়ি ফেরার পথে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। লেংরুং ম্রো (২৬) নামের ওই তরুণী মায়ের আকস্মিক এই প্রয়াণে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েক দিন আগে বান্দরবান সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে হামে আক্রান্ত নিজের দুই সন্তানকে বুকে জড়িয়ে নির্ঘুম রাত কাটিয়েছিলেন মা লেংরুং ম্রো। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন সন্তানের সেবায় নিয়োজিত থাকা অবস্থায় তিনিও মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথেই তার মৃত্যু হয়।
হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, পাহাড়ি জনপদে সচেতনতার অভাব এবং চিকিৎসা প্রাপ্তিতে নানা জটিলতার কারণে হামের মতো রোগ অনেক সময় মারাত্মক রূপ ধারণ করে। দরিদ্র এই পরিবারটির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। দুই সন্তানকে সুস্থ করে তোলার লড়াইয়ে নিজের জীবনের কথা ভুলে গিয়ে দিনরাত সেবা করে গেছেন ওই মা। কিন্তু শেষ পর্যন্ত সন্তানদের সুস্থতার আনন্দ দেখে যাওয়ার আগেই না ফেরার দেশে চলে যেতে হলো তাকে।
চিকিৎসকরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সঠিক সময়ে চিকিৎসা না করালে এটি মারাত্মক আকার ধারণ করতে পারে। একই সঙ্গে রোগীর সেবাযত্নকারীদেরও স্বাস্থ্যঝুঁকি থাকে, যা অনেক সময় অসচেতনতার কারণে বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়।
মায়ের এমন অকাল মৃত্যুতে শোকস্তব্ধ স্বজন ও এলাকাবাসী। অভাবের সংসারে দুই শিশুর মাথার ওপর থেকে মায়ের ছায়া সরে যাওয়ায় তাদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্থানীয় সচেতন মহল ও জনপ্রতিনিধিরা এই শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে এতিম শিশু দুটির সুচিকিৎসা এবং পুনর্বাসনের দাবি জানিয়েছেন।