
পার্বত্য এলাকার সর্বস্তরের মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং স্থায়ী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দাবি ও সুপারিশ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।
আগামীকাল রবিবার (০৮ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় বান্দরবান প্রেসক্লাব কনফারেন্স হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংগঠনটি সূত্রে জানা গেছে, পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে পিসিএনপি একটি গুরুত্বপূর্ণ প্রচারপত্র প্রকাশ করেছে। আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও প্রধান অতিথি এসব দাবি ও সুপারিশমালা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে তুলে ধরবেন।
এ বিষয়ে পিসিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক মোঃ শাহজালাল (জালাল) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানটি সফল করতে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য বিভিন্ন গণমাধ্যমের জেলা প্রতিনিধি, চীফ রিপোর্টার ও হেড অব নিউজদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট সকল সাংবাদিককে উপস্থিত থাকার জন্য পিসিএনপি-র পক্ষ থেকে সবান্ধব আমন্ত্রণ জানানো হয়েছে।