
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় প্রতি শনিবার দেশব্যাপী ঘোষিত নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে এবং ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বান্দরবানের চিম্বুক রেঞ্জে (নীলগিরি-বান্দরবান) দীর্ঘ ২৭ কিলোমিটার সড়কে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে ম্রোলং পাড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।
এ অভিযানের আওতায় ম্রোলং পাড়া থেকে শুরু করে পর্যটন কেন্দ্র নীলগিরি পর্যন্ত দীর্ঘ ২৭ কিলোমিটার সড়কের উভয় পাশ এবং ড্রেনসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন করার ব্যাপক কার্যক্রম পরিচালিত হয়। পাহাড়ি এই দুর্গম ও জনপ্রিয় পর্যটন সড়কের সৌন্দর্য রক্ষা এবং পরিবেশ দূষণ রোধে স্থানীয় ম্রো জনগোষ্ঠীর প্রায় এক হাজার নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। হাতে ঝাড়ু, বেলচা ও প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে তারা রাস্তার দুই পাশের ময়লা-আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য অপসারণ করেন।
পরিচ্ছন্নতা অভিযান চলাকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি নিজে সরেজমিনে পুরো ২৭ কিলোমিটার রাস্তা পরিদর্শন করেন। তিনি কাজের মান ও পরিচ্ছন্নতা কার্যক্রমের সার্বিক অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণকারী স্থানীয় জনসাধারণের সঙ্গে কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, “পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তুলতে আমাদের নিজেদেরই এগিয়ে আসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।”
স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিচালিত এই মহতী উদ্যোগ পর্যটন এলাকা হিসেবে চিম্বুক রেঞ্জের পরিবেশ সুরক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।