
বান্দরবানের বালাঘাটায় অবস্থিত ‘আয়েশা সিদ্দিকা (রা.) আদর্শ মাদ্রাসা’র বার্ষিক সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে মাদ্রাসার হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান মিঠুন বলেন, "বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে অত্যন্ত আন্তরিক। জেনারেল, কারিগরি ও মাদ্রাসা—শিক্ষা ব্যবস্থার প্রতিটি সেক্টরের উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দ্বীনি শিক্ষার প্রসারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, দ্বীনি শিক্ষায় আলোকিত হয়ে এসব শিক্ষার্থীরা দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
মাদ্রাসার পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবু তাহের, বিএনপি নেতা মাসুদ চৌধুরী প্রমুখ। এছাড়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল পরিবেশন করেন মাদ্রাসার শিক্ষার্থীরা। পরে পড়াশোনা ও অন্যান্য কার্যক্রমে কৃতিত্ব অর্জনকারী ৫ জন শিক্ষার্থীকে প্রধান অতিথির হাত থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে মাদ্রাসার পক্ষ থেকেও প্রধান অতিথি মশিউর রহমান মিটনকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।