
বান্দরবান জেলা সদরের হিলটন চত্বরের সামনে অবস্থিত মাইক্রোবাস স্টেশন সংলগ্ন জনপ্রিয় খাবার হোটেল ‘হাজী নান্না বিরিয়ানি হাউজ’-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও মাংসের মধ্যে জীবন্ত পোকা পাওয়ার অভিযোগ উঠেছে। এই অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আজ: ১৮ই আগস্ট (মঙ্গলবার) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে খাবার প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার জন্য প্রতিষ্ঠান কতৃপক্ষকে সতর্ক করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লুৎফর রহমান এ অভিযানের পরিচালনার দায়িত্ব ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পর্যটক ও স্থানীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয় এই হোটেলটিতে মঙ্গলবার দুপুরে এক ক্রেতা এই হোটেল থেকে খাসির বিরিয়ানির প্যাকেট পার্সেল আকারে ক্রয় করে বাসায় নিয়ে যান পরে খাওয়ার সময় মাংসের মধ্যে জীবন্ত পোকা দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।
খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করে। এ সময় হোটেলের রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ এবং মানহীন খাবার সংরক্ষণের সত্যতা পাওয়া যায়। অভিযানে হোটেলের দায়িত্বপ্রাপ্ত কতৃপক্ষের কাছে এই অনিয়মের বিষয়ে সুনির্দিষ্ট ও সন্তোষজনক কোনো জবাবদিহিতা চাওয়া হলেও তারা তা নিশ্চিত করতে ব্যর্থ হন।
এদিকে, শহরের অন্যতম পরিচিত এই রেস্তোরাঁর কার্যক্রমে অবহেলা ও অস্বাস্থ্যকর পরিবেশের বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয় সচেতন মহল ও বান্দরবানে আগত পর্যটকদের মধ্যে স্বাস্থ্যঝুঁকি নিয়ে বড় ধরণের আতঙ্ক দেখা দিয়েছে। সাধারণ জনগণের সুস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা জুড়ে এ ধরনের হোটেল ও রেস্তোরাঁগুলোতে নিয়মিত মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।