
বান্দরবান সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বনরূপা পাড়া এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে চিহ্নিত মাদক কারবারি ও কিশোর গ্যাং প্রধান হেলাল (পিতা: আব্দুর রউফ ওরফে কলা বিয়ারি)। তার নেতৃত্বাধীন অপরাধ চক্রের বর্বরোচিত হামলায় হোসাইন নামের এক স্থানীয় বাসিন্দা গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর ২০২৬) রাত ৯টার দিকে হোসাইন নামের ওই বাসিন্দা নিজ বাসা থেকে বের হলে পূর্ব থেকে ওত পেতে থাকা ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল তার ওপর অতর্কিত হামলা চালায়। হেলালের নেতৃত্বে মুখে কাপড় বাঁধা অপরাধীরা হাতে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে। এতে তিনি গুরুতর জখম হন। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত হেলালের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ নানা অপকর্মের দীর্ঘ রেকর্ড রয়েছে। বান্দরবান সদর থানা সূত্র জানায়, ২০২৫ সালের ১২ এপ্রিল দায়ের করা একটি মাদক মামলায় (মামলা নম্বর: ১০) তিনি প্রধান অভিযুক্ত, যা বর্তমানে আদালতে বিচারধীন ও থানায় চলমান রয়েছে।
আইনি প্রক্রিয়ায় জামিনে মুক্ত হয়ে বা নানা ফাঁকফোকরে বের হয়ে এসে হেলাল ও তার সিন্ডিকেট আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে।
অভিযোগ রয়েছে, বনরূপা এলাকাসহ বান্দরবানের বিভিন্ন স্থানে কিশোর গ্যাং পরিচালনা, মাদক চক্র বিস্তার, চাঁদাবাজি ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মূলে রয়েছেন তিনি। অতীতে রাজনৈতিক পরিচয়ের সুযোগ নিলেও বর্তমানে বিভিন্ন স্থানীয় প্রভাবশালী মহলের ছায়াতলে তিনি অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
হেলালের সন্ত্রাসী কর্মকাণ্ডে পুরো বনরূপা পাড়ার সাধারণ মানুষ এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয় বাসিন্দা জসিম ক্ষোভ প্রকাশ করে বলেন, "হেলালের নেতৃত্বে এলাকায় প্রতিনিয়ত অপরাধমূলক কর্মকাণ্ড চলছে, যা সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে অতিষ্ঠ করে তুলেছে।"
আরেক স্থানীয় বাসিন্দা সকিনা বেগম শঙ্কা ব্যক্ত করে বলেন, "হেলালের ত্রাসের রাজত্ব এতই বেড়ে গেছে যে, তার ভয়ে আমার ছোট্ট মেয়েটিকে স্কুলেও পাঠাতে ভয় পাচ্ছি। কখন কার ওপর চড়াও হয়, তার কোনো নিশ্চয়তা নেই।"
এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কিশোর গ্যাং লিডার হেলাল ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে স্থানীয়রা। একই সাথে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী বান্দরবান জেলা প্রশাসন এবং জেলা পুলিশ প্রশাসনের জরুরি ও কঠোর আইনি হস্তক্ষেপ কামনা করেছেন।