
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পালেগ্রাম নাছির মোহাম্মদ পাড়ায় অবস্থিত লতিফা খাতুন জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা পবিত্র জুমাবার, শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য জনাব নুরুল ইসলাম পেচু। সভায় মসজিদ ও মাদ্রাসার সার্বিক কার্যক্রম, ধর্মীয় ও সামাজিক উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
প্রধান আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের মাননীয় সংসদ সদস্য ও অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী (সাবেক চেয়ারম্যান, কালীপুর ইউনিয়ন), মোঃ শোয়াইবুর রহমান (ব্যবস্থাপনা পরিচালক, জলদী আধুনিক হাসপাতাল), আশরাফ হোসেন (সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কালীপুর) এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ সেলিম উদ্দীনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মমতাজুল হক, অর্থ সম্পাদক মোহাম্মদ হানিফ এবং সহ-অর্থ সম্পাদক নুরুল আবছার।
এছাড়াও সভায় আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন—মাওলানা আব্দুল মালেক, হাফেজ মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা নুরুল হাকিম ও মাওলানা ফোরকান।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ধর্মীয় শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ গঠন এবং সমাজকে আলোকিত করতে মসজিদ ও মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এ ধরনের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।