
প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে Cox’s Bazar Rights Of Disabilities Association (CRDA)-এর উদ্যোগে পেকুয়া উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩১ই মার্চ (মঙ্গলবার) শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের হলরুমে আয়োজিত এ সভায় স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন এনজিও কর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের প্রতিনিধি মোঃ শওকত আলী চৌধুরী উপজেলা নির্বাচন কর্মকর্তা,
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি : সাফওয়ানুল করিম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক: আব্দুল্লাহ আনসারী এবং
সভায় সভাপতিত্ব করেন, মোঃ আলী অধ্যক্ষ, শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ পেকুয়া এবং সঞ্চালনার দায়িত্ব ছিলেন, CRDA-এর আহ্বায়ক মোঃ জাহিদ হোসেন।
সভায় সংগঠনের সদস্যদের পাশাপাশি পেকুয়া উপজেলার অন্তত ২০০ জন প্রতিবন্ধী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, উত্থাপিত দাবিগুলো সকল প্রতিবন্ধী ব্যক্তির বাস্তব প্রয়োজন ও সার্বিক স্বার্থ বিবেচনা করে প্রণয়ন করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বাস্তবায়ন ছাড়া একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন সম্ভব নয়।
এ সময় প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষ থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়।
উত্থাপিত দাবিসমূহ হলো—
পেকুয়া উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কার্যালয় নিচতলায় স্থানান্তর করে প্রতিবন্ধীবান্ধব পরিবেশ নিশ্চিত করা,
ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কমিটিতে প্রতিবন্ধী প্রতিনিধি অন্তর্ভুক্ত করা,
সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করা,
উন্নয়ন প্রকল্পে প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান ও সিদ্ধান্ত গ্রহণে তাদের সম্পৃক্ত করা,
এবং ত্রাণ ও উপহার সামগ্রী বিতরণে প্রতিবন্ধী সংগঠনগুলোর অংশগ্রহণ নিশ্চিত করে প্রতিবন্ধী সংগঠনের মাধ্যমে বিতরণ করা।
উপস্থিত প্রতিবন্ধী ব্যক্তিরা আক্ষেপ প্রকাশ করে বলেন, প্রতিবার আয়োজন করলে আমন্ত্রিত অতিথিদের খুঁজে পাওয়া যায় না। প্রতিবন্ধী ব্যক্তিদের অনুষ্ঠানে কোন অতিথি সহজে উপস্থিত হতে আগ্রহ প্রকাশ করে না এবং কেউ যদি আগ্রহ প্রকাশ করেও ঠিক টাইমে অনুষ্ঠান চলাকালীন সময়ে তাকে উপস্থিত পাওয়া সম্ভব হয় না।
সভায় বক্তব্য প্রদানকালে পেকুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আনসারী বলেন,
“প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বাস্তবায়ন না হলে আমরা সকল প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে নিয়ে পেকুয়ায় বড় ধরনের আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব।”
উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা বলেন,
“প্রথম দাবিটি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং অন্যান্য দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিষয়টি উপস্থাপন করা হবে।”
সভার সঞ্চালনায় দায়িত্বে থাকা CRDA-এর আহ্বায়ক মোঃ জাহিদ হোসেন বলেন,
“প্রতিবন্ধীরা বারবার প্রতিশ্রুতি পেয়ে থাকেন, কিন্তু সেগুলো বাস্তবে রূপ পায় না। তাই সংশ্লিষ্ট মহলকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে এসে এসব দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
তিনি আরও বলেন,
“প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন, বরং মূলধারার গুরুত্বপূর্ণ অংশ। এই কথাটি শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ করতে হবে।”
সভায় বক্তারা উল্লেখ করেন, অতীতেও একাধিকবার এসব দাবি উত্থাপন করা হলেও শুধুমাত্র আশ্বাস পাওয়া গেছে, বাস্তবায়নের দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। ফলে এবার দ্রুত কার্যকর বাস্তবায়ন পদক্ষেপ দেখতে চান তারা।