
সকালের কুয়াশা কাটার আগেই কারও উঠানে দেখা যায় তাঁকে। কখনো বয়োজ্যেষ্ঠের হাত ধরে দোয়া চাইছেন, কখনো শিশুর মাথায় হাত রেখে আদর করছেন, আবার কখনো চায়ের দোকানের বেঞ্চিতে বসে শুনছেন সাধারণ মানুষের না-বলা কষ্টের কথা। ১৬ নং ধামঘর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে (লক্ষ্মীপুর, আরালিয়া ও গাইডুলি গ্রামে) তিনি এখন এক পরিচিত মুখ, হিরো জাকির।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৭-এর এখনো তফসিল ঘোষণা না হলেও মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি নেমে পড়েছেন গণসংযোগে। কোনো জাঁকজমক নয়, মাইকের গর্জন নয়, তিনি যাচ্ছেন মানুষের দোরগোড়ায়। সৌজন্য সাক্ষাৎ, উঠান বৈঠক আর চায়ের দোকানের আড্ডায় মিশে যাচ্ছেন সবার সঙ্গে, আপনজনের মতো।
হিরো জাকির বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য মোঃ আব্দুল মতিনের সুযোগ্য সন্তান। বলা যায়, তাঁর জন্ম এক ধনাঢ্য জমিদার পরিবারে। চাইলে বাবার সম্পত্তিতে রাজকীয় জীবন কাটাতে পারতেন। কিন্তু সেই পথে হাঁটেননি। তাঁর ভাষ্য, রাজকীয় জীবনে থাকলে গরিবের কষ্ট কখনো বুঝতে পারতেন না। তাই পৈত্রিক সম্পত্তির ওপর ভর না করে নিজের পায়ে দাঁড়ানোর কঠিন পথই বেছে নিয়েছেন তিনি। কৃষিকাজ করে মাটির সঙ্গে মিশে আছেন, জানেন ঘাম ঝরিয়ে উপার্জনের কষ্ট আর মূল্য।
তাঁর সরল জীবন আর মানুষের কাছে ছুটে যাওয়ার এই মনোভাব নাড়া দিয়েছে ওয়ার্ডের তরুণদের। তাঁরা স্বেচ্ছায় সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টার শেয়ার করছেন, প্রচারণা ছড়িয়ে দিচ্ছেন নিজেদের মতো করে। ফেসবুকের পাতায় পাতায় এখন আলোচনা, "এবার একজন মাটির মানুষ চাই"।
কেন নির্বাচনে আসছেন, এই প্রশ্নে আবেগ লুকাননি হিরো জাকির। তিনি বলেন, "আমি নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছি দুটি কারণে। প্রথমত, এই ওয়ার্ডে কোনো সৎ ও যোগ্য প্রার্থী নেই। দ্বিতীয়ত, আমি ছাড়া এই গরিব মানুষগুলোর হাল ধরবে কে, তা ভেবেই আমি দাঁড়িয়েছি। আপনাদের দোয়া ও ভোটে নির্বাচিত হলে কথা দিচ্ছি, এই গ্রামে কোনো মানুষ গরিব থাকবে না, থাকবে না গৃহহীন। কিস্তি থেকে শুরু করে সুদে আনা প্রত্যেকের ঋণ নিজ অর্থায়নে পরিশোধ করে দেওয়া হবে।"
ঋণের বোঝায় যাঁদের রাতের ঘুম নেই, যাঁরা কিস্তির দিন গুনে ভয়ে থাকেন, তাঁদের কাছে এই প্রতিশ্রুতি আশার আলো হয়ে এসেছে বলে মনে করছেন স্থানীয়রা।
তিনি আরও বলেন, "পরিকল্পনার শেষ নেই, ভাবনারও শেষ নেই। অনেক পরিকল্পনা আপনাদের ধাপে ধাপে জানাব। তবে এটুকু নিশ্চিত থাকুন, আমি হিরো জাকির প্রত্যেকের বিয়ে ও পড়াশোনার দায়িত্ব নেব।" অভাবের কারণে যাঁদের মেয়ের বিয়ে আটকে আছে, যাঁদের সন্তানের পড়াশোনা থেমে যাওয়ার পথে, তাঁদের মনে এই কথাগুলো নতুন ভরসা জোগাচ্ছে।
ঋণ পরিশোধের এই প্রতিশ্রুতি নিয়ে গ্রামের মানুষের প্রতিক্রিয়া জানতে লক্ষ্মীপুর গ্রামের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। তাঁদের মধ্যে যাঁরা ইতিমধ্যে ব্যাংকের কিস্তি বা চড়া সুদে ঋণের চাপে আছেন, তাঁরা এই ঘোষণাকে নতুন ভরসা হিসেবে দেখছেন। তবে আরও আলোচিত বিষয় হলো, এখন পর্যন্ত যাঁরা কোনো ঋণ নেননি, অর্থাৎ ব্যাংকের কিস্তি বা সুদে টাকা তোলেননি, তাঁদের কেউ কেউও ঋণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এই কয়েকজনের দাবি, যেহেতু প্রার্থী প্রত্যেক ঋণগ্রস্ত মানুষের দায় মেটানোর কথা বলেছেন, তাই তাঁরাও পিছিয়ে থাকতে চান না। ঋণ নিয়ে রাখলে প্রতিশ্রুতির সুফল তাঁরাও পাবেন, এমন আশাই তাঁদের এই প্রস্তুতির পেছনে কাজ করছে। এতে বোঝা যাচ্ছে, হিরো জাকিরের কথার ওপর সাধারণ মানুষের আস্থা কতটা গভীর হয়েছে।
ধনীর ঘরে জন্ম নিয়েও গরিবের পাশে দাঁড়ানোর এই সংকল্প ওয়ার্ডজুড়ে এখন আলোচনার কেন্দ্রে। এখন অপেক্ষা শুধু নির্বাচনের দিনের, যেদিন ভোটাররা তাঁর এই যাত্রার জবাব দেবেন।