
ঠাকুরগাঁও ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলার হাট উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে সরকারি বই বিতরণে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় এবং এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ গ্রহণের গুরুতর অভিযোগ উঠেছে। টাকা দিতে না পারায় অনেক শিক্ষার্থী এখনো নতুন বই পায়নি, যার ফলে তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।
অভিভাবকদের দাবি, নতুন বছরের বই পেতে বিদ্যালয় কর্তৃপক্ষ সেশন ফিসহ বিভিন্ন অজুহাতে ৪০০ টাকা করে দাবি করছে। যারা এই টাকা দিতে পারছে না, তাদের খালি হাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে। বছরের শুরুতেই এমন অনিয়মের কারণে দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা দুশ্চিন্তায় পড়েছে। শুধু বই বিতরণ নয়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণেও সরকার নির্ধারিত ফির চেয়ে অনেক বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, কোনো বৈধ রসিদ ছাড়াই সরকার নির্ধারিত ২৫০০ টাকার পরিবর্তে ৩৩০০ থেকে ৩৪০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। টাকা জমার জন্য শিক্ষার্থীদের সোনালী ব্যাংকের একটি এজেন্ট শাখায় পাঠানো হচ্ছে, সেখান থেকে রসিদ নিয়ে আসার পর ফরম পূরণ সম্পন্ন হচ্ছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে বাড়তি এই অর্থ জোগাড় করতে শ্রমজীবী অভিভাবকরা হিমশিম খাচ্ছেন। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলী জানান, শিক্ষার্থীদের স্কুলের ভেতরে অভিযোগ করতে হবে, বাইরে নয়। বইয়ের জন্য টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি দাবি করেন, শুধুমাত্র সেশন ফি, বকেয়া বেতন ও ক্রীড়া ফি নেওয়া হচ্ছে। তবে এসএসসি ফরম পূরণে ২৭০০ টাকা 'অফিসিয়াল রেট' স্বীকার করলেও কেন ৩৩০০ বা ৩৪০০ টাকা নেওয়া হচ্ছে এমন প্রশ্নের সদুত্তর না দিয়ে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার মোঃ শাহীন আকতার বলেন, বোর্ডের নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। যদি নেওয়া হয়ে থাকে তবে তা ফেরত দিতে হবে, অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও স্পষ্ট করে বলেন, সরকারি বই বিতরণের সাথে সেশন ফি বা অন্য কোনো ফির সম্পর্ক নেই। বই আটকে রেখে টাকা আদায় সম্পূর্ণ বেআইনি। এই বিষয়ে তিনি এখনই প্রধান শিক্ষকের সাথে কথা বলে ব্যবস্থা নিচ্ছেন বলে জানান