
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাল্যবিবাহ, যৌতুক, শিশু নির্যাতন, শিশু শ্রম এবং মাদকাসক্তি প্রতিরোধে সচেতনতামূলক গোলটেবিল বৈঠক ও কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৫) রুহিয়া ব্যাপ্টিস্ট মিশন ক্যাম্পাসে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প (বিডি-০২৬১) এর আয়োজনে এবং প্রকল্প ম্যানেজার এন্টনি দাসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ এ কে এম নাজমুল কাদের, রুহিয়া ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মোঃ সালেহুর রহমান, রুহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, রুহিয়া ব্রাইট কেজি অ্যান্ড মডেল স্কুলের পরিচালক অসনি কুমার রায় এবং ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ অন্যান্য বিশিষ্টজন। সভায় মূলত চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়: ১. বাল্যবিবাহ প্রতিরোধ, ২. যৌতুক প্রথা নির্মূল, ৩. শিশু নির্যাতন ও শিশু শ্রমের কুফল, ৪. মাদকাসক্তির ভয়াবহতা ও প্রতিকার। বক্তারা সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের সমস্যা সমাধানে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তারা জানান, এই সমস্যাগুলোর মূল কারণ অজ্ঞতা, দারিদ্র্য এবং সামাজিক অবক্ষয়। এসব রোধে পরিবার, সমাজ এবং সরকারের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সভা শেষে সমস্যাগুলোর প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, ইমাম, সুধী সমাজের প্রতিনিধি এবং প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সভায় অংশগ্রহণ করেন।