
ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ উপলক্ষে এক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে রুহিয়া থানা চত্বরে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জুয়েল রানা। সভায় পুলিশ সুপার তার বক্তব্যে উল্লেখ করেন, পুলিশ নিয়োগে শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ। তিনি প্রার্থী ও অভিভাবকদের সতর্ক করে বলেন, "যোগ্যতার ভিত্তিতেই যোগ্য প্রার্থীরা নিয়োগ পাবেন। কোনো প্রকার দালালচক্র বা প্রতারক মহলের প্রলোভনে পড়ে আর্থিক লেনদেন করবেন না।" নিয়োগ প্রক্রিয়াকে কলঙ্কমুক্ত রাখতে এবং সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। অনুষ্ঠানে আরও জানানো হয়, কোনো প্রতারক চক্র যদি নিয়োগের আশ্বাস দিয়ে টাকা দাবি করে, তবে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। যোগ্যতার ভিত্তিতে সৎ ও মেধাবীদের পুলিশ বাহিনীতে যুক্ত হওয়ার সুযোগ করে দিতে জেলা পুলিশ কঠোর তদারকি নিশ্চিত করছে। উক্ত সচেতনতামূলক সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নিয়োগ প্রত্যাশী যুবক এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।