
“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ উদ্বোধন করেন রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়ে ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদে আসে। আলোচনা সভায় ঠাকুরগাঁও সদর উপজেলা সমবায় অফিসার (অ.দা. রুহিয়া) মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন। তিনি বলেন, ক্ষুদ্র সমবায় সমিতির সামাজিক কিছু দায়বদ্ধতা রয়েছে। শুধু ক্ষুদ্র ঋণদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে তাদের অন্যান্য সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত হতে হবে। বিশেষ করে বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন ও মাদকের মতো সামাজিক ব্যাধি দূর করতে সমবায়ীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ সোলেমান আলী, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রদর্শক মোঃ মনিরুল ইসলাম এবং সহকারী পরিদর্শক চয়ন চন্দ্র সেন। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া থানার এসআই রাম বাবু রায়, রুহিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, রুহিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। অনুষ্ঠান শেষে সফল কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ৫টি সমবায় সমিতিকে সম্মাননা সনদ প্রদান করা হয়। সনদপ্রাপ্ত সমিতিগুলো হলো, আনজিলা খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ, অরবিট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ, জবা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ, শাপলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এবং আপনজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ।