
মোঃ তৌহিদুল ইসলাম
আলীকদম (বান্দরবান)
বাংলাদেশ সেনাবাহিনী সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত মানুষের সামাজিক নিরাপত্তা, মানবিক সহায়তা ও সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদম জোনের উদ্যোগে আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় জনগোষ্ঠীর মাঝে অনুদান বিতরণ করা হয়েছে।
আলীকদম জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি-এর নির্দেশনায় জোনের আওতাধীন সকল ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় আর্থিকভাবে অসচ্ছল, অসুস্থ ও অসহায় ব্যক্তি ছাড়াও বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে সর্বমোট ২,৮৪,৫৪৪ টাকা অনুদান প্রদান করেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, সীমান্ত চোরাচালান প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক উন্নয়নে সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় করছে। বিশেষ করে শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ প্রদান এবং অসহায় মানুষের সহায়তায় এ অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মন্তব্য করেন।
এ বিষয়ে জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের সার্বভৌমত্ব রক্ষায় নয়, বরং পাহাড়ি ও প্রত্যন্ত এলাকার মানুষের শিক্ষা, উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেও সদা সচেষ্ট। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং পাহাড়ি-বাঙালি নির্বিশেষে ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে বসবাসের আহ্বান জানান।